বাগেরহাটের মোল্লাহাটে দৈনিক ইনকিলাব-এর উপজেলা প্রতিনিধি, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং বাগেরহাট ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)-এর সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদারকে পথরোধ করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক শরিফুল ইসলাম দিদার কাহালপুর গ্রামে এক বন্ধুর বাড়িতে ঈদের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ইবনে মাসউদ মাদ্রাসা মোড়ে তার পথরোধ করে স্থানীয় যুবক নয়ন মিয়া (২০)। এ সময় নয়ন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ‘সেভেন গিয়ার’ ছুরি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত নয়ন ওই গ্রামের সাইদ মিয়ার ছেলে এবং এলাকায় চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক শরিফুল ইসলাম দিদার বলেন, আমি পরিবারের সদস্যদের নিয়ে দাওয়াতে গিয়েছিলাম। ফেরার পথে একা পেয়ে নয়ন আমার পথ আটকায়। কেন সে আমার কাছে চাঁদা দাবি করল বা হত্যার হুমকি দিল, তা আমার বোধগম্য নয়। ঘটনার পর থেকে অভিযুক্ত নয়নের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় বাগেরহাট ইউনাইটেড মিডিয়া ফোরামের (ইউএমএফ) নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে সংগঠনের জেলা শাখার সভাপতি সৈকত মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ সাগর মল্লিকসহ ইউএমএফ এর নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের ওপর এ ধরনের হামলা ও হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা অভিযুক্ত নয়নকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরও পড়ুন:


.jpg)





