কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেটম্যান হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তাহুরা জান্নাত। তিনি জানান, পলাতক অপর আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পরপরই র্যাব ছায়া তদন্ত শুরু করে। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।
এ ঘটনায় আহত বাসযাত্রী শেফালী আক্তার লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করা হয়। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে মামলাটি করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতদের মধ্যে মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ উদযাপন করতে দেশে এসে দুর্ঘটনার শিকার হন। তিনি চুয়াডাঙ্গা থেকে লাকসামে খালার বাড়িতে যাওয়ার পথে প্রাণ হারান। এ ঘটনায় আহত তার স্ত্রী ও মেয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শনিবার ঈদের দিন ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে ট্রেন ও ‘মামুন স্পেশাল’ নামের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত আটজন আহত হন। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়।
আরও পড়ুন:








