মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

মাদারীপুরে সালিশে হামলা: ব্যবসায়ী নিহত, আহত ২; পাল্টা অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৫:৩৮

শেয়ার

মাদারীপুরে সালিশে হামলা: ব্যবসায়ী নিহত, আহত ২; পাল্টা অগ্নিসংযোগ
ছবি সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার সালিশে প্রতিপক্ষের হামলায় জাকির শেখ (৫৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জাকির শেখের মেয়ে-জামাই রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসার জন্য জাকির শেখ সালিশে অংশ নিতে মেয়ের শ্বশুরবাড়িতে যান।

সালিশ চলাকালে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে জাকির শেখ, তার স্ত্রী রেবা বেগম ও মেয়ে তাজনূর বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জাকির শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইদের অন্তত চারটি ঘরে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক তদন্ত কুতুবউদ্দিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close