রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

চুয়াডাঙ্গায় গাছে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১১:০৮

শেয়ার

চুয়াডাঙ্গায় গাছে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মণিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ।

আহতরা হলেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আলমাস (১০)।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি যশোরের দিকে যাচ্ছিল। গাইদঘাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার বিপরীত পাশে একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ সরদারের মৃত্যু হয়।

পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জনির প্রতিষ্ঠানের সহকর্মী রিয়াদ হোসেন জানান, জনি সোমবার পরিবারের সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।