ঝালকাঠির সদর উপজেলায় ১৩ মাস বয়সী কন্যা সন্তানের লাশ নিয়ে মানববন্ধন করে বিচার দাবি জানিয়েছেন এক মা। সোমবার দুপুরে পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে লিয়া মনি আক্তার অভিযোগ করেন, তার প্রেমিক হৃদয় বেপারীর কারণে তার মেয়ে জেসমিনের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে মৃত্যুদণ্ড দাবি করেন।
পরিবারের সদস্যদের তথ্যমতে, ২০২১ সালে হৃদয় বেপারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিয়া মনি। বিয়ের প্রতিশ্রুতির একপর্যায়ে তিনি গর্ভবতী হন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
অভিযোগ অনুযায়ী, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ১৯ ফেব্রুয়ারি নবজাতক শিশুটিকে কৌশলে নিয়ে পালিয়ে যান হৃদয় বেপারী ও তার স্বজনরা। পরে শিশুটিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় তারা। সেখান থেকে এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে একটি শিশু নিবাসে পাঠান, যেখানে শিশুটি লালিত-পালিত হতে থাকে।
প্রায় তিন মাস পর শিশুটির সন্ধান পেয়ে লিয়া মনির পরিবার আইনি প্রক্রিয়া ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে গত ৯ মার্চ অসুস্থ অবস্থায় তাকে নিজেদের কাছে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শিশুটি মারা যায়।
এ ঘটনায় লিয়া মনি বাদী হয়ে হৃদয় বেপারীসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেছেন। প্রধান অভিযুক্ত বর্তমানে পলাতক।
অভিযুক্ত হৃদয় বেপারীর বাবা আবুল বেপারী তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








