সোমবার

২৩ মার্চ, ২০২৬ ৯ চৈত্র, ১৪৩২

নারায়ণগঞ্জে ডিপোর সামনে ট্যাংক-লরির দীর্ঘ সারি, সরবরাহে চাপ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১৫:১৯

শেয়ার

নারায়ণগঞ্জে ডিপোর সামনে ট্যাংক-লরির দীর্ঘ সারি, সরবরাহে চাপ বাড়ছে
ছবি বাংলা এডিশন

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। নারায়ণগঞ্জের জ্বালানি ডিপোগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় শত শত ট্যাংক-লরি দীর্ঘ সময় অপেক্ষা করছে। এতে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং পরিবহন, কৃষি ও শিল্পখাতে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবডি এলাকায় যমুনা অয়েল কোম্পানির ডিপো ও সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা অয়েল কোম্পানি ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোগুলোতে তেল সংগ্রহের জন্য ট্যাংক-লরির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এসব ডিপো থেকে বাংলাদেশ বিমান ও সামরিক বাহিনীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে জ্বালানি সরবরাহ করা হয়।

ট্যাংক-লরি চালক ও ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, সরকার নির্ধারিত কোটার কারণে চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে না। সিদ্ধিরগঞ্জের চৌরঙ্গী পাম্পের ক্যাশিয়ার বিদ্যুৎ ব্যানার্জি জানান, দুই গাড়ির চাহিদার বিপরীতে ৯ হাজার লিটার ডিজেল এবং সাড়ে ৫০০ লিটার অকটেন দেওয়া হয়েছে। চাষাঢ়া প্রান্তিক ফিলিং স্টেশনের কর্মচারী মানিক জানান, রোববার সন্ধ্যায় পাঁচ হাজার লিটার অকটেন ও পাঁচ হাজার লিটার ডিজেল পাওয়ার পর সোমবার দুপুরের মধ্যেই অকটেন শেষ হয়ে গেছে। সোমবার মেঘনা ডিপো থেকে শুধু ৯ হাজার লিটার ডিজেল দেওয়া হয়েছে, অকটেন দেওয়া হয়নি।

চালকরা জানান, অনেকে আট থেকে নয় দিন অপেক্ষা করেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না। ডিপো থেকে তেল সরবরাহ সীমিত থাকায় ফিলিং স্টেশনগুলোতে সংকট আরও বাড়ছে বলে তারা মনে করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিপোগুলোর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, দুই ডিপোতে একজন উপ-পরিদর্শকের নেতৃত্বে পাঁচজন করে মোট ১০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনী ও র্যাবের সদস্যরাও টহল দিচ্ছেন।

ডিপোর এক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জ্বালানি তেলের মজুত নিয়ে কোনো সমস্যা নেই। সরকার নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে এবং ছোট জাহাজে চট্টগ্রাম থেকে নিয়মিত তেল আসছে। তিনি বলেন, মানুষের অস্থিরতা ও হুজুগে তেল সংগ্রহের কারণে পাম্পগুলোতে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।



banner close
banner close