কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেবে জেলা প্রশাসন। পাশাপাশি এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
রোববার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এ তথ্য জানান। নিহতদের পরিবারকে এই অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।
প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ট্রেনটি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
আরও পড়ুন:








