শনিবার

২১ মার্চ, ২০২৬ ৭ চৈত্র, ১৪৩২

সাগরে ঝড়ে জেলের মৃত্যু, দুই ঘণ্টা সাঁতরে মরদেহ তীরে আনলেন দুই ছেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১৬:২১

শেয়ার

সাগরে ঝড়ে জেলের মৃত্যু, দুই ঘণ্টা সাঁতরে মরদেহ তীরে আনলেন দুই ছেলে
ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নূরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। পরে প্রায় দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ তীরে নিয়ে আসেন তার দুই ছেলে শাহিন ও শাকিল। শুক্রবার (২০ মার্চ) বিকেলে লক্ষ্মীপুরের বয়ার চর-সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগর-এর মোহনায় এ ঘটনা ঘটে।

নিহত নূরে আলম ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা গ্রামের বাসিন্দা ও মজিবুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দুই ছেলে শাহিন ও শাকিলকে সঙ্গে নিয়ে মাছ ধরতে সাগরে যান নূরে আলম। শুক্রবার বিকেল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেল ৫টার দিকে হঠাৎ আবহাওয়ার অবনতি ঘটে। শুরু হয় প্রবল ঝড়, উত্তাল হয়ে ওঠে সাগর, সৃষ্টি হয় বড় বড় ঢেউ। একপর্যায়ে ঝড়ের তীব্রতায় তাদের মাছ ধরা নৌকাটি উল্টে যায়।

নৌকা ডুবে গেলে তিনজনই সাঁতরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। দুই ছেলে তাদের বাবাকে ধরে রেখে তীরে ফেরার চেষ্টা চালালেও দীর্ঘ সময় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে গিয়ে নূরে আলম নিস্তেজ হয়ে পড়েন। এরপরও হাল ছাড়েননি তারা। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে বাবার মরদেহ আগলে রেখে টানা প্রায় দুই ঘণ্টা সাঁতরে শেষ পর্যন্ত তীরে পৌঁছাতে সক্ষম হন।

স্থানীয় বাসিন্দা আনিস জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। নদীতে মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ হতো। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, সন্তানরা গভীরভাবে মর্মাহত।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ঘটনাটি পুলিশ অবগত রয়েছে। খবর পেয়ে জেলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।



banner close
banner close