শুক্রবার

২০ মার্চ, ২০২৬ ৬ চৈত্র, ১৪৩২

ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ১৮:০৪

আপডেট: ২০ মার্চ, ২০২৬ ১৮:১১

শেয়ার

ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৩০

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলাচলরত একটি সিএনজি, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা দুইজনে দাঁড়ায়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি ঘটনাস্থলেই এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোফাখখারুল ইসলাম জানান, বাসচাপায় দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে। এখনো তাঁদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।



banner close
banner close