আসন্ন ঈদুল ফিতরের টানা ছুটিকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা। পর্যটকদের সেবা দিতে এখন ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পেশার ব্যবসায়ীরা। ইতোমধ্যে ৬০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন হয়েছে।
হোটেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার পর্যন্ত প্রথম শ্রেণির হোটেলগুলোর প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কক্ষ এবং দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোর ৪০ থেকে ৫০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা, সর্বোচ্চ সুযোগ-সুবিধা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সিনিয়র ভাইস-প্রেমিডেন্ট জহিরুল ইসলাম জানান, পুরো রমজান মাসজুড়ে কুয়াকাটা পর্যটকশূন্য থাকায় হোটেল-মোটেলগুলো এই সময়টায় নিজেদের পরিপাটি করে প্রস্তুতি সম্পন্ন করেছে। ঈদের ছুটি থেকে শুরু হওয়া টানা বন্ধে লাখো পর্যটকের আগমন ঘটবে বলে আশা করা যাচ্ছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন রাজনৈতিক প্রেক্ষাপট ও রমজানের পর্যটক কম থাকায় সৈকতের পরিবেশেও এসেছে ভিন্নতা। শীত মৌসুম শেষে বর্ষার শুরুর এই সময়ে সৈকতে উঁচু ঢেউ, জেলেদের মাছ ধরার দৃশ্য এবং প্রকৃতির মনোরম পরিবেশ পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করবে।
হোটেল ডি মোর-এর ব্যবস্থাপক জয়নুল আবেদীন জুয়েল বলেন, আমাদের হোটেলে মোট ৩০টি কক্ষ রয়েছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে এখন থেকেই বুকিংয়ের ফোন আসছে। ইতোমধ্যে ঈদ পরবর্তী ৩ থেকে ৪ দিনের জন্য প্রায় ৬০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। আশা করছি বাকি দিনগুলোতেও পুরো বুকিং সম্পন্ন হবে।
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানায়, ঈদকে কেন্দ্র করে যারা ইতোমধ্যে হোটেল বুকিং দিয়েছে এদের অনেক পর্যটক ফোন করে শঙ্কা প্রকাশ করছে পরিবহন নিয়ে। তেলের সংকটে যদি পরিবহন বন্ধ হয়ে যায় তাহলে সেই প্রভাব পর্যটন খাতেও আঘাত করবে। ইতোমধ্যে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলোতে বুকিং হচ্ছে। সবমিলিয়ে হোটেল ভেদে ৫০ থেকে ৬০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।
এদিকে কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, পর্যটকদের আগমনের সম্ভাবনাকে সামনে রেখে তারাও প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি ট্যুর বুকিং এসেছে। প্রতিটি উৎসবের সময় দেশ-বিদেশের পর্যটকদের সেবা দিতে ইতোমধ্যে শতাধিক ট্যুর গাইড প্রস্তুত রয়েছে।
টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। লেম্বুরবন থেকে রামনাবাদ চ্যানেল পর্যন্ত বিভিন্ন এলাকায় টুরিস্ট পুলিশের একাধিক টিম মোতায়েন থাকবে। জল ও স্থলপথে সার্বক্ষণিক পর্যটকদের সেবায় তারা নিয়োজিত থাকবে।
আরও পড়ুন:








