শুক্রবার

২০ মার্চ, ২০২৬ ৬ চৈত্র, ১৪৩২

ঈদযাত্রায় মহাসড়কে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত দায়িত্বপালন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ১০:৩৮

আপডেট: ২০ মার্চ, ২০২৬ ১০:৩৯

শেয়ার

ঈদযাত্রায় মহাসড়কে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত দায়িত্বপালন
ছবি বাংলা এডিশন

ঈদযাত্রার ব্যস্ত সময়ে ঢাকা-যমুনা সেতু পশ্চিম মহাসড়কে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিত দায়িত্বপালনের একটি চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ এবং তথ্য সংগ্রহে সাংবাদিকদের একসঙ্গে কাজ করার দৃশ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং প্রশংসিত হয়।

বৃহস্পতিবার ১৯ মার্চ বিকেলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনকালে সাংবাদিক ও পুলিশ সদস্যদের একসঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন চ্যানেল ১-এর জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ। পরবর্তীতে ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুই পেশার মানুষের সমন্বিত ভূমিকা আলোচনায় আসে।

চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার হীরক গুণ জানান, সাংবাদিকরা মাঠপর্যায়ে মানুষের জন্য কাজ করেন এবং পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন, যা ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সহায়ক ভূমিকা রাখে।

একাত্তর টিভির জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু উল্লেখ করেন, মহাসড়কে দায়িত্ব পালনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ এবং তারা একে অপরের সহযোগী হিসেবে কাজ করেন।

সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ড তথ্য দেন, ছবিটি পেশাগত সম্পর্কের প্রতিফলন এবং প্রতিকূল পরিস্থিতিতেও সমন্বিতভাবে দায়িত্ব পালনের দৃষ্টান্ত। এখন টিভির রিফাত রহমান জানান, ঈদের সময় পরিবার থেকে দূরে থেকে দায়িত্ব পালন করেও সংশ্লিষ্টরা মানুষের স্বস্তি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছেন। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অপস মো. নাজরান রউফ বলেন, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের এই সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরেন এবং সেই তথ্যের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলায় এক হাজার ২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৬৫০ জন নির্দিষ্ট পয়েন্টে মোতায়েন রয়েছে এবং তিনটি বিশেষ মোবাইল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। বিকল যানবাহন বা জ্বালানি সংকটে পড়া গাড়িকে সহায়তার জন্য পৃথক টিম রাখা হয়েছে। পাশাপাশি ড্রোনের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, যা যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করছে।

ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও ক্যামেরাপারসনরা উপস্থিত ছিলেন।



banner close
banner close