মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

ভারতের কারাগারে মৃত্যু: ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ২২:২৭

শেয়ার

ভারতের কারাগারে মৃত্যু: ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের মরদেহ
ছবি সংগৃহীত

ভারতে কারাগারে মৃত্যুর ৩৮ দিন পর কুড়িগ্রামের বাসিন্দা খাইরুজ্জামাল (৪২)-এর মরদেহ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের চেংড়াবান্দা (বুড়িমারী) স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

খাইরুজ্জামাল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল্লার ছেলে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে জীবিকার সন্ধানে তিনি ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করছিলেন। কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ১০ ফেব্রুয়ারি তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর মরদেহ দেশে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে দীর্ঘ প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হয়। টানা ৩৮ দিনের প্রচেষ্টার পর কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উলিপুর থানার ওসি সাইদ ইবনে সিদ্দীক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বাদ এশা নিজ গ্রাম কালুডাঙার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।



banner close
banner close