টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পারিবারিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার ঝাওয়াইল এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
অভিযুক্তরা হলেন- নিহত স্বপ্না খাতুনের স্বামী শান্ত ইসলাম (৩০), শ্বশুর আলী আকবর (৮০), শাশুড়ি মনোয়ারা বেগম (৭০), রাশেদা খাতুন (৪৫) ও সোনিয়া খাতুন (৩০)।
নিহত স্বপ্না খাতুন (২৭) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামের আলী আকবরের ছেলে শান্ত ইসলামের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের দ্বারা স্বপ্না খাতুন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ পরিবারের।
নিহতের বাবা চাঁন মিয়া অভিযোগ করেন, মেয়ের সুখের কথা বিবেচনা করে বিয়ের সময় নগদ অর্থসহ বিভিন্ন উপহার দেওয়া হলেও, পরবর্তীতে নানা অজুহাতে তার মেয়েকে নির্যাতন করা হতো। এমনকি প্রায়ই তাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করা হতো বলেও তিনি দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন সকালে স্বামী শান্ত ইসলাম মোবাইল ফোনে জানায়, স্বপ্না অসুস্থ হয়ে পড়েছে এবং শ্বাসপ্রশ্বাস নিচ্ছে না। পরে স্বজনরা দ্রুত গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
নিহতের পরিবারের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং দীর্ঘদিনের নির্যাতন ও পরিকল্পিত প্ররোচনার ফলেই স্বপ্না খাতুন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:







.jpg)
