বৃহস্পতিবার

১৯ মার্চ, ২০২৬ ৫ চৈত্র, ১৪৩২

নেত্রকোনায় গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু, শোকে পরিবার

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১৯:৩৬

শেয়ার

নেত্রকোনায় গোসল করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু, শোকে পরিবার
ছবি: সংগৃহীত

নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে পানিতে ডুবে ফাতেমা আক্তার নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ঘিরে বাড়ি ফেরা পরিবারের সুখ মুহূর্তই পরিণত হয়েছে শোকে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল পাঠান জানান, ফাতেমার বাবা-মা দুজনই চাকরির কারণে ঢাকায় বসবাস করেন। ঈদ উদযাপনের উদ্দেশ্যে তারা সেদিন সকালে স্বপরিবারে গ্রামে আসেন। সকালে ফাতেমা আরেকটি শিশুকে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে যায় এবং আর ভেসে উঠতে পারেনি।

তার সঙ্গে থাকা শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি জানালে স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং আটপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন।

আটপাড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. আশরাফ আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। পরে নদী থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে আটপাড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close