বৃহস্পতিবার

১৯ মার্চ, ২০২৬ ৫ চৈত্র, ১৪৩২

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ও শিলাবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১৪:৪৫

শেয়ার

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ও শিলাবৃষ্টির আভাস
ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ২১ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার মধ্যে ওই দিন সারা দেশে দুই দফায় কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। শনিবার সকাল ও সন্ধ্যায় এ ঝড় অতিক্রম করতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। তার বিশ্লেষণ অনুযায়ী, ঈদের দিন সকালের দিকে একবার ও সন্ধ্যার পর আরেকবার শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। এ সময় রাজধানী ঢাকার ওপর দিয়ে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঝড় অতিক্রম করতে পারে।

তিনি জানান, ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর সৃষ্টি হয়ে এ ঝড় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। পরে এটি উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বেরিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টি ও শিলাবৃষ্টির তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঈদের দিন শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার ও সোমবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

ঈদের তারিখ চূড়ান্ত হবে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আগের রাত ও সকালে আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ করা বুলেটিন এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।



banner close
banner close