বৃহস্পতিবার

১৯ মার্চ, ২০২৬ ৫ চৈত্র, ১৪৩২

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১৪:১০

শেয়ার

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ
ছবি সংগৃহীত

খুলনা নগরীর লবনচরা থানা এলাকায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুই নারী গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় প্রায় তিন বছর আগে কারাগারে যান। সেখানে ইমরান নামের এক সন্ত্রাসীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ইমরান রাশিদুলের বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে রাশিদুল ও ইমরানের স্ত্রী ফাহিমার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ ইমরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর জের ধরেই বৃহস্পতিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারণা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close