ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতু-তে বুধবার এক দিনে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, পারাপার হওয়া যানবাহনের মধ্যে পূর্বমুখী ছিল ৩২ হাজার ৮৪০টি এবং পশ্চিমমুখী ১৮ হাজার ৭৪৪টি। ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী থেকে বিভিন্ন জেলায় যাতায়াত বেড়ে যাওয়ায় সেতুতে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে যমুনা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে। সাধারণ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করলেও বুধবার অতিরিক্ত প্রায় ৩৩ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে।
টোল আদায়ের তথ্য অনুযায়ী, পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা এবং পশ্চিমমুখী যানবাহন থেকে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা।
এর আগে মঙ্গলবার সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছিল, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৯ হাজার বেশি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত রাখতে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন:
.jpg)







