বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করার মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।
বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন অতিক্রম করার পর বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা ২১ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়।
রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিজান চলছিল। রাতভর কাজ করে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করা হয়েছে। বর্তমানে লাইন মেরামতের কাজ প্রায় শেষ। দুর্ঘটনাস্থলে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে এবং নির্মাণ কাজও সমান্তরালভাবে চলছে। ঈদের আগমুহূর্তে এ ঘটনা ঘটায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:








