ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশকালে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত উজ্জ্বল হোসেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোরে উজ্জ্বল হোসেন শ্যামকুড় সীমান্তের মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে প্রবেশ করেন। এ সময় ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের অধীন ফটিকারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সীমান্তের কাছে পড়ে থাকলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
গুলিবিদ্ধ উজ্জ্বল হোসেন সীমান্তে মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে। নেপা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুর রহমান জানান, সীমান্তে মাদক ও মানব পাচারের সঙ্গে উজ্জ্বল হোসেন জড়িত ছিল বলে এলাকায় নানা গুঞ্জন রয়েছে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, উজ্জ্বল হোসেন নামে এক চোরাকারবারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আহত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কোনো অফিশিয়াল বক্তব্য পাওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘটনার বিষয়ে কিছু জানানো না হলেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
আরও পড়ুন:








