মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

ঈদযাত্রার চাপ: যমুনা সেতু দিয়ে একদিনে পারাপার ৫১ হাজারের বেশি যানবাহন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ০৭:০৩

শেয়ার

ঈদযাত্রার চাপ: যমুনা সেতু দিয়ে একদিনে পারাপার ৫১ হাজারের বেশি যানবাহন
ছবি বাংলা এডিশন

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৮ মার্চ) সেতু দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি।

সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, পারাপার হওয়া যানবাহনের মধ্যে পূর্বমুখী ছিল ৩২ হাজার ৮৪০টি এবং পশ্চিমমুখী ১৮ হাজার ৭৪৪টি। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করলেও বুধবার অতিরিক্ত প্রায় ৩৩ হাজার ৫৮৪টি যানবাহন চলাচল করেছে, যা ঈদযাত্রার বাড়তি চাপকে স্পষ্টভাবে নির্দেশ করে।

যানবাহন বৃদ্ধির সঙ্গে টোল আদায়ও বেড়েছে। এদিন পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। সব মিলিয়ে একদিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

এর আগের দিন মঙ্গলবার (১৭ মার্চ) সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছিল, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৯ হাজার বেশি ছিল। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে যানবাহনের চাপ।

ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের প্রধান যাতায়াতপথ হিসেবে যমুনা সেতুতে চাপ আরও বাড়ছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, বাড়তি চাপ সামাল দিতে সেতুর দুই প্রান্তে সার্বক্ষণিক মনিটরিং চালানো হচ্ছে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



banner close
banner close