বৃহস্পতিবার

১৯ মার্চ, ২০২৬ ৪ চৈত্র, ১৪৩২

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক চার জেলে

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ২২:৩৭

শেয়ার

বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক চার জেলে
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ চার জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

এ সময় আভিযানিক দল বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের দুটি ট্রলিং জাল এবং প্রায় ৪০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করে। একই সঙ্গে বোটে থাকা চার জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌসিব আহমেদ এর উপস্থিতিতে জব্দ করা ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং অবৈধ ট্রলিং জাল ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



banner close
banner close