বুধবার

১৮ মার্চ, ২০২৬ ৪ চৈত্র, ১৪৩২

গাজীপুরে ২০ কিলোমিটার যানজট, বৃষ্টিতে বাড়ছে ঈদযাত্রার ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ২০:৩৮

শেয়ার

গাজীপুরে ২০ কিলোমিটার যানজট, বৃষ্টিতে বাড়ছে ঈদযাত্রার ভোগান্তি
ছবি সংগৃহীত

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ ও বৃষ্টির কারণে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে হাজারো যাত্রী দীর্ঘ সময় সড়কে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন।

বুধবার দুপুরের পর শুরু হওয়া যানজট বিকেলের বৃষ্টির পর আরও তীব্র আকার ধারণ করে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকেই মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছিল। সকালে চন্দ্রা বাস টার্মিনালসংলগ্ন প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়, যা সন্ধ্যার দিকে চন্দ্রা ত্রিমোড়কে কেন্দ্র করে প্রায় ২০ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা এবং চন্দ্রা-নবীনগর সড়কের জিরানি এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও কোথাও মাত্র ৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। বিকেলের পর বৃষ্টি শুরু হলে যানবাহনের গতি আরও কমে যায়।

সরেজমিনে দেখা গেছে, উত্তরবঙ্গগামী লেনে যানবাহন প্রায় স্থির হয়ে রয়েছে। বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে দেখা যায়। অনেকে ধৈর্য হারিয়ে গাড়ি থেকে নেমে হেঁটে বা বিকল্প যানবাহনে গন্তব্যের দিকে রওনা হন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে প্রায় দুই হাজার শিল্পকারখানা বুধবার ছুটি ঘোষণা করায় একসঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক মহাসড়কে নেমে পড়েন। এতে যাত্রীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বৃষ্টির কারণে সড়কে পানি জমে যানবাহনের গতি কমে যায়। বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়ায় যানজট আরও দীর্ঘ হয়। খোলা ট্রাক ও পিকআপে থাকা যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, যাত্রীর তুলনায় পরিবহন কম থাকায় চাপ বেড়েছে। বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলায় পরিস্থিতি জটিল হয়েছে। তিনি বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় যানজট নিয়ন্ত্রণে কাজ চলছে।



banner close
banner close