মঙ্গলবার

৩০ জুন, ২০২৬ ১৬ আষাঢ়, ১৪৩৩

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, নয়টি বগি ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১৫:৩২

আপডেট: ১৮ মার্চ, ২০২৬ ১৫:৪২

শেয়ার

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, নয়টি বগি ক্ষতিগ্রস্ত
ছবি সংগৃহীত

বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার, ১৮ মার্চ, বিকেলে সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে। স্টেশন ত্যাগ করার পরপরই তিলকপুর এলাকায় পৌঁছালে এর নয়টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটির ছাদে অনেক যাত্রী থাকায় তাদের মধ্যে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকাজ চলমান রয়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সান্তাহার ও আদমদীঘির মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত বেশ কয়েকজন যাত্রীর খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পরপরই সান্তাহার থেকে চিলাহাটি, পঞ্চগড় ও সৈয়দপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ জানান, ঘটনাস্থলে উদ্ধার ও ট্র্যাক মেরামতের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।



banner close
banner close