গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুতের অভিযোগে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার প্রধান আসামি মো. আবদুল মজিদ মিয়া ওরফে কোনা (৩৭)। তিনি উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম।
তিনি জানান, মঙ্গলবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
ওসি আরও জানান, অভিযুক্তের হেফাজত থেকে ৭২টি বিভিন্ন রঙের প্লাস্টিকের বস্তায় মোট ৪ হাজার ১৩৩ কেজি চাল উদ্ধার করা হয়েছে। বর্তমানে জব্দকৃত চাল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তের বসতবাড়িতে বিপুল পরিমাণ ভিজিএফের চাল মজুত থাকার খবর পেয়ে এলাকাবাসী গণমাধ্যমকে অবহিত করেন। বিষয়টি প্রকাশ্যে এলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়।
এর আগে গত রোববার রাতে ঘটনাস্থল থেকে চালগুলো উদ্ধার করে স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মোছা. বিলকিছ বেগমের জিম্মায় রাখা হয়। পরবর্তীতে মঙ্গলবার রাতে সেখান থেকে চালগুলো থানায় স্থানান্তর করা হয় এবং একই রাতে মামলাটি দায়ের করা হয়।
আরও পড়ুন:








