মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

ভিডিও ভাইরাল: হাতিয়ার ইউএনও ওএসডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ২১:০১

শেয়ার

ভিডিও ভাইরাল: হাতিয়ার ইউএনও ওএসডি
ছবি: ইউএনও আলাউদ্দিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে তাকে ওএসডি করা হয়।

গত সোমবার ইউএনও আলাউদ্দিনের সঙ্গে এক নারীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। তবে ঘটনার সত্যতা যাচাই না করেই কেউ কেউ বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি সম্পূর্ণ ভুয়া দাবি করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউএনও আলাউদ্দিন।

তিনি দাবি করেন, শত্রুতাবশত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে। তিনি জানান, পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালনকালে কিছু বিরোধের জের ধরে কেউ এই অপকর্ম করতে পারে। এআই প্রযুক্তির মাধ্যমে তার মুখ ও শরীরের গঠনের সঙ্গে মিল রেখে ভিডিওটি তৈরি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পেয়ে সোমবার সকালে ইউএনও আলাউদ্দিন দ্রুত হাতিয়া ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা হন। এর আগে সকাল ৯টার দিকে তিনি কর্মস্থলে আসেন এবং কিছু সময় পর চলে যান। এসময় থেকে তিনি কারও ফোনকল রিসিভ করছিলেন না বলে জানা গেছে।

ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত ভিডিওতে থাকা নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দেখা হচ্ছে বলে জানান তারা।

নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও আলাউদ্দিনের দাবির প্রেক্ষিতে ভিডিওটির সত্যতা যাচাই ও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।



banner close
banner close