মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১৭:৪৮

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৬
ছবি বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বছর ৬ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. জুনায়েদ হোসেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।

আহতরা হলেন, নিহত শিশুর বাবা সানাউল্লাহ (২৫), তার স্ত্রী সায়েমা বেগম (২১), তাদের আরেক সন্তান তাওহিদ হোসেন (২ মাস), একই এলাকার শ্যামলী খাতুন (১৯), শিয়ালমারা গ্রামের ইয়াসমিন বেগম (৪৫) ও বইকুল বেগম (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, কানসাটগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশুসহ সাতজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুই আক্তার জুনায়েদকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলের রেফার্ড করা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close