পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ মঙ্গলবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন। তবে বন্দরের ইমিগ্রেশন শাখা দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দুই দেশে চলাচল স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ মার্চ বাংলাবান্ধা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ মার্চ সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্টরা কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করবেন না। দীর্ঘ এই ছুটির পর আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম যথারীতি চালু হবে। ঈদ উপলক্ষে সরকারি ছুটি ৭ দিন থাকলেও বন্দরসংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে ১১ দিন বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুধু পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা বন্দরটির অভিবাসন শাখা ব্যবহার করে ভারতে এবং ভারত হয়ে নেপাল ও ভুটানে যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন:






.jpg)

