ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও সিরাজগঞ্জ মহাসড়কে এখনো বড় ধরনের কোনো যানজট সৃষ্টি হয়নি। বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম পাড়, কড্ডার মোড়, নলকার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বাড়লেও কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নলকার মোড় এলাকায় ঢাকা থেকে ফেরা ব্যবসায়ী সেলিম খান জানান, যাত্রাপথে উল্লেখযোগ্য কোনো যানজটে পড়তে হয়নি। সিরাজগঞ্জ জেলা শহরের বাসচালক শওকত আহমেদ বলেন, ঈদের ছুটি শুরু হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে, তবে এখনো কোথাও যানজটের সৃষ্টি হয়নি।
ঈদের আগে ১৬ মার্চ ছিল শেষ কর্মদিবস। বিকেলের পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেন কর্মজীবী মানুষ। এর প্রভাব পড়েছে যমুনা সেতু ও সিরাজগঞ্জ মহাসড়কে। সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যাও দ্রুত বাড়ছে।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মার্চ) সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। এর আগের দিন রোববার (১৫ মার্চ) পারাপার হয়েছিল ২৫ হাজার ৪৪০টি যানবাহন। এক দিনের ব্যবধানে ১০ হাজার ২১৮টি বেশি যানবাহন পারাপার হয়েছে।
সেতুর টোল প্লাজা এলাকায় যানবাহনের চাপ থাকলেও দ্রুত টোল আদায় ও ব্যবস্থাপনার কারণে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। ত্রুটিপূর্ণ যানবাহন দ্রুত সরিয়ে নিতে অতিরিক্ত রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে মহাসড়কের চলমান উন্নয়নকাজও এবার যাত্রায় স্বস্তি দিচ্ছে। চার লেন প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১৩টি আন্ডারপাস চালু করা হয়েছে, যা স্থানীয় যানবাহনের চাপ কমাতে সহায়তা করছে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় কাজ চলমান থাকলেও যান চলাচলে বড় কোনো বিঘ্ন দেখা যায়নি।
সংশ্লিষ্টরা জানান, উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই মহাসড়ক ও যমুনা সেতু। বিকল্প সড়ক না থাকায় প্রতি ঈদেই এখানে যানবাহনের চাপ বাড়ে। তবে সমন্বিত ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নের কারণে এখন পর্যন্ত স্বাভাবিক ঈদযাত্রার পরিস্থিতি বজায় রয়েছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, দীর্ঘ ছুটির কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন:





.jpg)


