রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এ নোটিশ পাঠান আইন ও সালিস কেন্দ্রের পক্ষে দুই আইনজীবী।
সোমবার ১৬ মার্চ আইন ও সালিস কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও আইনজীবী মোহাম্মদ শাহীনুজ্জামান এ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা প্রত্যাহার করা না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে উল্লেখ করা হয়েছে। আইনজীবী মোহাম্মদ শাহীনুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে রেঞ্জের অধীন আট জেলার পুলিশ সুপারদের কাছে নির্দেশনা পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত সংগঠনের যেসব নেতা ও কর্মী জামিনে মুক্তি পেয়ে সংগঠনকে শক্তিশালী করা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে হবে। তবে যেসব ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের বৈশিষ্ট্য প্রযোজ্য নয়, তাদের জামিনের পর আপাতত গ্রেফতার দেখানোর প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়, প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। একই বিষয়ে এর আগে গ্রুপ মেসেজের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
আরও পড়ুন:


.jpg)





