মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

একদিনে যমুনা সেতুতে ১০ হাজারের বেশি অতিরিক্ত যানবাহন পারাপার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ০৮:০৭

আপডেট: ১৭ মার্চ, ২০২৬ ০৮:১০

শেয়ার

একদিনে যমুনা সেতুতে ১০ হাজারের বেশি অতিরিক্ত যানবাহন পারাপার
ছবি বাংলা এডিশন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করায় যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রোববারের তুলনায় সোমবার সেতু দিয়ে ১০ হাজার ২১৮টি বেশি যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, সোমবার সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এদিন সেতু থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।

এর মধ্যে পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ২০ হাজার ৭৫টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৫ হাজার ৫৮৩টি। এ দিক থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।

এর আগের দিন রোববার সেতু দিয়ে মোট ২৫ হাজার ৪৪০টি যানবাহন পারাপার হয়েছিল। ওইদিন টোল আদায় হয় ২ কোটি ৩০ লাখ ৬ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদকে সামনে রেখে সেতু দিয়ে যানবাহনের চাপ বাড়ছে। সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যেতে এসব জেলার যানবাহনকে এই সেতু ব্যবহার করতে হয়। বিকল্প সড়কপথ না থাকায় ঈদের আগে ও পরে সেতুটিতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।



banner close
banner close