সোমবার

১৬ মার্চ, ২০২৬ ২ চৈত্র, ১৪৩২

সিরাজগঞ্জে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে প্রতারণা, তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১৪:০৩

শেয়ার

সিরাজগঞ্জে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে প্রতারণা, তিনজন গ্রেপ্তার
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জে পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ঈদের সম্মানীর নামে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে বগুড়া জেলার শেরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার মো. সোহেল মিয়া (৩৪), ধুনট উপজেলার চালাপাড়া এলাকার মো. বাদশা আকন্দ (৫০) এবং শেরপুর উপজেলার খানপুর পশ্চিমপাড়া এলাকার মো. রিপন (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে দুটি আইডি খুলে প্রতারকরা সিরাজগঞ্জের পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করতেন। ওই আইডি থেকে শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীসহ জেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছে ঈদ উপলক্ষে সম্মানীর নামে চাঁদা দাবি করা হয়।

বিষয়টি জানার পর সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) প্রতারকদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সিরাজগঞ্জ মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল মো. নাজরান রউফের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও সিরাজগঞ্জ সদর থানার সদস্যদের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. সোহেল মিয়ার কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে জেলার বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি ও প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।



banner close
banner close