রবিবার

১৫ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

সিরাতুল মুস্তাকিমের পথে চলার আহ্বান জানালেন বিভাগীয় কমিশনার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ২২:২০

শেয়ার

সিরাতুল মুস্তাকিমের পথে চলার আহ্বান জানালেন বিভাগীয় কমিশনার
ছবি: বাংলা এডিশন

সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে সিরাতুল মুস্তাকিম বা সৎ ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী।

রবিবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার বলেন, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি মানুষকে সঠিক পথে পরিচালিত করে। তাই প্রত্যেককে নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে সমাজে ন্যায়, সততা ও মানবিকতা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করতে হবে। বিগত সময়ে যা কিছু হয়েছে তা ভুলে গিয়ে নতুনভাবে কাজ শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন,ওই অধ্যায় শেষ। এখন থেকে কোনো ধরনের ঘুষ ও দুর্নীতি সহ্য করা হবে না। আমরা সরকার থেকে যে বেতন পাই, সেই অর্থ দিয়েই সৎভাবে জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। এতে করে সাধারণ জনগণ সঠিক ও নির্ভরযোগ্য সেবা পাবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে একজন মৃত ব্যক্তিকে নিয়েও ব্যবসা করা হয়েছে। তার নাম ব্যবহার করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সরকার থেকে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। ভবিষ্যতে এমন বাংলাদেশ আমরা আর দেখতে চাই না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।



banner close
banner close