সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার ১৫ মার্চ উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের সামনে একটি ঘর থেকে প্রশাসনের অভিযানে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ৩৩ হাজার ৮৬৪ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে চাল বিতরণের কথা রয়েছে। তবে অনিবার্য কারণে চারটি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় চাল বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে।
চাল বিতরণকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু ইউনিয়নে প্রকৃত দুস্থদের পরিবর্তে প্রভাবশালী ব্যক্তিরা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, অসহায় মানুষের ভিজিএফ কার্ড সংগ্রহ করে একটি সিন্ডিকেটের মাধ্যমে কিছু ব্যক্তি একাধিকবার চাল উত্তোলন করছে। এতে প্রকৃত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত হচ্ছেন।
বিতরণ কার্যক্রম চলাকালে একই ব্যক্তি বারবার চাল নেওয়ার চেষ্টা করলে প্রশাসনের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি যাচাই করে পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের সামনে একটি ঘরে অভিযান চালিয়ে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়।
এদিকে কয়েকজন কার্ডধারী জানিয়েছেন, জনপ্রতি ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে ওজনে কম দেওয়া হচ্ছে। এতে সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
পূর্ণিমাগাতী ইউনিয়নের প্রশাসক ডা. আব্দুল মতিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের পাশের একটি ঘরে অভিযান চালিয়ে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা চাল পরে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে।
আরও পড়ুন:



.jpg)




