শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে চার যাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১৯:৩৩

আপডেট: ১৪ মার্চ, ২০২৬ ১৯:৩৪

শেয়ার

সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে চার যাত্রী
প্রতিকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঈদযাত্রার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ অর্থ ও মালামাল খুইয়েছেন চার যাত্রী। শনিবার সকালে উপজেলার ভূইয়াগাতি সেতুর সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন বগুড়ার নন্দীগ্রামের শাহজামাল, কুড়িগ্রামের নাগেশ্বরীর আতাউর রহমান, জয়পুরহাট সদরের কাইয়ুম ও একজন অজ্ঞাত ব্যক্তি।

ঢাকা থেকে ট্রাকযোগে বাড়ি ফেরার পথে টাঙ্গাইল এলাকায় ট্রাকে থাকা এক ব্যক্তির দেওয়া খেজুর খেয়ে অচেতন হন তারা। পরে শনিবার ভোরে ট্রাক থেকে ফেলে দিয়ে তাদের কাছে থাকা অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, টাঙ্গাইল এলাকায় ট্রাকে থাকা অজ্ঞাত এক ব্যক্তি তাদের খেজুর খেতে দেয়। ওই খেজুর খেয়েই তারা অচেতন হয়ে যায়।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম রনি বলেন, হাসপাতালে ভর্তি চারজনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। একজন অজ্ঞাত ব্যক্তি এখনো শনাক্ত হয়নি। এ ধরনের রোগীদের সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে জ্ঞান ফিরে আসে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। রোববারের মধ্যে তারা বাড়ি যেতে পারবেন বলে আশা করা যাচ্ছে।



banner close
banner close