ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৫২ হাজার টাকা মূল্যমানের ৬৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র্যাব-১০-এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৬৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. আবু বকর সিদ্দিক পিলটন (৪০), পিতা: মৃত আব্দুর রহিম, বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার আমবাগান এলাকা এবং মো. তরিকুল ইসলাম (৩২), পিতা: মো. জাহাবক্স, বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ডাকাতিয়া এলাকা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত ফেনসিডিল ও জব্দ করা মোটরসাইকেলসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:




.jpg)



