শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১১:৫২

শেয়ার

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
ছবি বাংলা এডিশন

পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা হয়েছে। শনিবার সকালে শহরের অম্বিকাপুরে অবস্থিত কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসিম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, শিক্ষাবিদ এম এ সামাদ এবং ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি বলেন, পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য দলিল। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও কর্ম তুলে ধরার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জানানো হয়, ‘মৃত্যুঞ্জয় কবি’ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে, যেখানে পল্লীকবি জসীমউদ্দীনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



banner close
banner close