শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ২১:০০

শেয়ার

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ
ছবি বাংলা এডিশন

ট্রাফিক আইন লঙ্ঘন এবং বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার এ পরিমাণ সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের ইতিহাসে সর্বোচ্চ।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৫৭৫টি মামলার বিপরীতে ৩০ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে ৭৬২টি মামলার বিপরীতে আদায় হয় ৪১ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা এবং ফেব্রুয়ারি মাসে ৪৩৯টি মামলার বিপরীতে আদায় হয় ২৭ লাখ ৪৮ হাজার ৭২৫ টাকা।

ট্রাফিক আইন অমান্য, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং রেজিস্ট্রেশনবিহীন বাস, ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি চলাচলের কারণে এসব মামলা দায়ের করা হয়। তিন মাসে দায়ের হওয়া মামলার বিপরীতে মোট প্রায় এক কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

সিরাজগঞ্জ ট্রাফিক অফিসের পরিদর্শক মোফাকখারুল ইসলাম জানান, ট্রাফিক আইন লঙ্ঘন এবং বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইউক্যাশের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়।

তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ কাজ করছে। পাশাপাশি কঠোর তদারকির কারণে বাস ও ট্রাক মালিক-শ্রমিকদের মহাসড়কে চাঁদা দিতে হয় না এবং মহাসড়ককে চাঁদাবাজিমুক্ত রাখতে কার্যক্রম অব্যাহত রয়েছে।



banner close
banner close