মোহাম্মদ শাহাবুদ্দিনকে সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে সংসদের মাধ্যমে অভিশংসন করে পদ থেকে অপসারণ এবং গণহত্যার সহযোগী হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী।
লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন বলে তাদের সংগঠনের অভিযোগ।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দুটি শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও দলটি জুলাই সনদের শপথ গ্রহণ করেনি। এর পরিবর্তে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ব্যবস্থা করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়।
জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়, ছাত্র-জনতার আত্মত্যাগের ভিত্তিতে বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করা হলে তার নেতিবাচক পরিণতি হতে পারে বলে সংগঠনটি সতর্কতা জানিয়েছে।
সংগঠনটির দাবি, চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি একাধিকবার শপথ ভঙ্গ করেছেন এবং গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে ফাহিম ফারুকী জানান, সেখানে রাষ্ট্রপতি দাবি করেছেন যে ২০২৪ সালের অক্টোবরে জুলাই ঐক্য বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিল। তবে সংগঠনটির তথ্য অনুযায়ী জুলাই ঐক্যের আত্মপ্রকাশ ঘটে ২০২৫ সালের মে মাসে।
এ ছাড়া যারা এখনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তাদের দ্রুত শপথ গ্রহণ করে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে জুলাইয়ের বিভিন্ন সংগঠনকে সক্রিয় ও একীভূত করার লক্ষ্যে আগামী ২৫ মার্চ পর্যন্ত সংগঠন সংগ্রহ কার্যক্রম চালানোর ঘোষণা দেয় জুলাই ঐক্য।
আরও পড়ুন:








