শুক্রবার

১৩ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন, ১৪৩২

সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক যাত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ১৭:৩১

শেয়ার

সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক যাত্রী আটক
ছবি বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) থেকে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সদস্যরা সোনামসজিদ আইসিপিতে নিয়মিত চেকিং কার্যক্রম পরিচালনার সময় তাকে আটক করেন।

আটক ব্যক্তি হলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের বাসিন্দা মো. সানি মাই (২৭)। তার পাসপোর্ট নম্বর A12776759। তিনি মো. রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, চেকিংয়ের সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তু থাকার সংকেত পাওয়া যায়। পরে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং থানা পুলিশের উপস্থিতিতে এক্স-রে পরীক্ষা করা হয়।

এক্স-রে রিপোর্টে তার পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব শনাক্ত হলে সেখান থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২৩১.৮১ গ্রাম। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বর্ণ জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করে স্বর্ণের সত্যতা নিশ্চিত করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারিরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সব ধরনের অপকৌশল প্রতিরোধে সবসময় সজাগ রয়েছে।



banner close
banner close