আসন্ন ঈদযাত্রাকে কেন্দ্র করে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (১২ মার্চ) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে পাঁচ দিন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একইভাবে ঈদের পরের পাঁচ দিন দেশের অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটমুখী সব যাত্রীবাহী নৌযানেও মালামাল পরিবহন বন্ধ রাখতে হবে।
এছাড়া আগামী ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিআইডব্লিউটিএ আরও জানায়, ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার বহনকারী ট্রাক এবং জ্বালানি পরিবহনকারী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি ফেরিতে পারাপার বন্ধ থাকবে।
নৌপথে চলাচলকারী যাত্রীদের জরুরি প্রয়োজন বা সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএর হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন:








