বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

অভিযানের আগেই তথ্য ফাঁসের অভিযোগে প্রশ্নের মুখে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ০৭:৫২

আপডেট: ১২ মার্চ, ২০২৬ ০৭:৫৩

শেয়ার

অভিযানের আগেই তথ্য ফাঁসের অভিযোগে প্রশ্নের মুখে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিস
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইছা গ্রামে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন এবং বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা ইমাজ উদ্দিন তালুকদার শুভ ও তার সহযোগী মো. ছাব্বির হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার আগেই বিষয়টি মালিকপক্ষ জেনে যাওয়ায় জেলা প্রাণিসম্পদ অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রায় ২০ বছর ধরে কোনো ধরনের সরকারি লাইসেন্স বা নিবন্ধন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে মসলা, সরিষার তেল ও পুষ্টি খাদ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করছে। পাশাপাশি গ্রামের উন্নয়ন ও কর্মসংস্থানের আশ্বাস দিয়ে প্রায় ১৭ জনের কাছ থেকে জমি ও প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা বিনিয়োগ নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, পরবর্তীতে জমির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে কয়েকজনের জমি নিজেদের নামে দলিল করে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে অভিযানের উদ্যোগ নেওয়া হলেও অভিযান শুরুর আগেই প্রতিষ্ঠানের মালিক বিষয়টি জেনে যান বলে স্থানীয়দের অভিযোগ। এ সংক্রান্ত একটি কল রেকর্ড ফাঁস হওয়ার পর জেলা প্রাণিসম্পদ অফিসের কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশের দাবি, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মানহীন পণ্য উৎপাদন ও বাজারজাতের পেছনে কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা থাকতে পারে।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, তারা আগে প্রতিষ্ঠানটির বিষয়ে অবগত ছিলেন না এবং সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারেন। তবে অভিযানের আগেই প্রতিষ্ঠানের মালিক কীভাবে বিষয়টি জানতে পারলেন সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

দেশ মাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী ইমাজ উদ্দিন তালুকদার শুভ জানিয়েছেন, পরদিন প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসবেন বলে তিনি প্রস্তুতি নিচ্ছেন।



আরও পড়ুন:

banner close
banner close