মেহেরপুরের গাংনী উপজেলায় ভিজিএফের চাল বণ্টন ও প্যানেল চেয়ারম্যানকে ঘিরে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম গ্রুপ ও উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন আলফাজ উদ্দিন কালু (৫৫) এবং সারগিদুল ইসলাম গ্রুপের শালদহ গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ (২৫), একই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে খাইরুল ইসলাম (৩৫) ও আব্দুল কুদ্দুসের ছেলে বকুল হোসেন (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফের চাল বণ্টন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত খাইরুল ইসলাম অভিযোগ করেন, আলফাজ উদ্দিন কালুর লোকজন ইউনিয়ন পরিষদে হামলা করতে এলে তাদের বাধা দিতে গেলে তারা হামলার শিকার হন। এতে বেশ কয়েকজন আহত হন।
রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সারগিদুল ইসলাম বলেন, সোমবার থেকে তারা বিভিন্ন সূত্রে জানতে পারেন যে আলফাজ উদ্দিন কালুর লোকজন ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুর করতে পারে। এ খবর পেয়ে মঙ্গলবার সকালে তারা ইউনিয়ন পরিষদে গেলে কেএবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষের লোকজনকে লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায়। পরে তারা স্লোগান দিতে দিতে হামলা চালায়।
অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু বলেন, ভিজিএফের চাল থেকে অনেক দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছেন। কিছু লোক নিজেদের মধ্যে চাল ভাগাভাগি করছে এবং বিএনপির একটি অংশকে চাল দেওয়া হচ্ছে না। এ কারণে স্থানীয় মানুষ ইউনিয়ন পরিষদ কার্যালয় অবরোধ করতে পারে—এমন খবর পেয়ে তারা সেখানে যান। তখন প্যানেল চেয়ারম্যানের লোকজন তাদের ওপর হামলা করে বলে দাবি করেন তিনি।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক বলেন, তারা ভিজিএফের চালের সুষ্ঠু বণ্টন চান। যারা বঞ্চিত হয়েছেন তারা সেখানে জড়ো হয়েছিলেন। তারা কোনো সংঘর্ষ চাননি। তিনি আরও বলেন, ইউনিয়নের বৈধ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, প্যানেল চেয়ারম্যান অবৈধ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:






.jpg)

