রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

তারাবির সময় মাদ্রাসায় অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ০৮:৩১

শেয়ার

তারাবির সময় মাদ্রাসায় অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচল শতাধিক শিক্ষার্থী
ছবি সংগৃহীত

কুমিল্লার লাকসাম উপজেলায় একটি টিনশেড মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার সাতটি কক্ষ পুড়ে গেছে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজ আদায় করায় নিশ্চিত বিপদ থেকে রক্ষা পেয়েছেন শতাধিক শিক্ষার্থী।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লাকসাম উপজেলা রেলওয়ে জংশন সংলগ্ন ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রাঙ্গণের ভেতরের মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন। এ সময় এক শিক্ষার্থী মাদ্রাসা ভবনের দিক থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া বের হতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তবে আগুন নেভানোর আগেই টিনশেড ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মাদ্রাসার সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, অগ্নিকাণ্ডে মাদ্রাসার রান্নাঘরসহ সাতটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার বইপত্র, আসবাবপত্র, থাকার বিছানাপত্র এবং রাতে খাওয়ার জন্য রাখা সেহরির খাবারও পুড়ে নষ্ট হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী বলেন, গভীর রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তবে ঘটনার সময় তারা মসজিদে থাকায় সবাই নিরাপদ রয়েছে।