মঙ্গলবার

১০ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

সিরাজগঞ্জে জামতৈল রেলস্টেশন এলাকায় অবৈধ ৬০ দোকান উচ্ছেদ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ১৯:০৫

শেয়ার

সিরাজগঞ্জে জামতৈল রেলস্টেশন এলাকায় অবৈধ ৬০ দোকান উচ্ছেদ
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীদের চলাচল সহজ করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশনের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৬০টি দোকান উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার ৯ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্টেশন এলাকার আশপাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা ফল, বিস্কুট, চা ও বিভিন্ন খাবারের দোকানসহ প্রায় ৬০টির বেশি দোকানপাট অপসারণ করা হয়েছে। যেসব দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, সেগুলোও বিচ্ছিন্ন করা হয়। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এর আগে সংশ্লিষ্টদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল বলে কর্তৃপক্ষ জানায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জামতৈল রেলস্টেশনে যাত্রীদের চলাচলের সুবিধা ও স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে না ওঠে, সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে।

উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়ছার, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের কর্মকর্তা দুলাল হোসেন এবং আরএনবি ও কামারখন্দ থানা পুলিশের সদস্যরা।



banner close
banner close