মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

মাদক নিয়ে দ্বন্দ্ব, কুষ্টিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

কুষ্টিয়া প্রতিনিধি:

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬ ১৮:৪৪

শেয়ার

মাদক নিয়ে দ্বন্দ্ব, কুষ্টিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন
ছবি বাংলা এডিশন

কুষ্টিয়ায় বন্ধুর হাতে বন্ধু সাগর (২৬) নিহত হয়েছেন। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। রোববার (০৮ মার্চ) দুপুরের দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর।

নিহত সানি শেখ সাগর কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় গাড়ির রঙ মিস্ত্রি। এছাড়াও তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

নিহতের খালাতো ভাই তৌহিদ ইসলাম বলেন, সকালের দিকে প্রবাল, ভিকি ও বিজয় সকালে আমাকে মারপিট করে। সেসময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। আমাকে মারপিট করার বিষয়টি সাগর ভাইকে জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তাকে বাসাতেও পায়নি না, গ্যারেজেও পায়নি। এরপর জানতে পারি প্রবাল, ভিকি ও বিজয় আমার ভাই সাগরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। খবর পেয়ে আমরা হাসপাতালে এসে দেখি মর্গে সাগর ভাইয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। যারা আমার ভাইকে হত্যা করেছে, তারা আমার ভাইয়ের বন্ধু। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

নিহত সাগরের স্বজনরা বলেন, সাগরকে সাগরের বন্ধুরা পূর্ব পরিকল্পিতভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে। নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে প্রবাল, ভিকি ও বিজয় সাগরকে নির্মম নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক। জড়িতদের ফাঁসি চাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর ও প্রবাল দুই বন্ধু। তারা একই এলাকার বাসিন্দা। একসাথে চলাফেরা করতেন। তারা দুজনই মাদকাসক্ত। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে সাগর ও প্রবালের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বন্দ্বের জেরে পূর্ব পরিকল্পিতভাবে সাগরকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে প্রবাল ও তার লোকজন। দ্রুত সাগরকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সাগরের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাগরের পায়ে, ঘাড়ে, মাথায় সহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



banner close
banner close