চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া পোড়াগ্রাম এলাকায় কোনো বাড়িতে গান-বাজনা বা বাদ্যযন্ত্র বাজানো হলে সেখানে বিয়ে পড়াতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় মসজিদের ইমাম। একই সঙ্গে ওই বাড়ির মৃত্যুসংবাদ মসজিদের মাইকে প্রচার না করার নিয়মও চালু করা হয়েছে। স্থানীয় একটি সমাজ রক্ষা কমিটির উদ্যোগে গত প্রায় দুই মাস ধরে প্রায় ৪০টি পরিবারের এই সমাজে সিদ্ধান্তটি কার্যকর করা হয়। তবে এর কোনো আইনি ভিত্তি না থাকায় বিষয়টি জানার পর এলাকায় পুলিশ হস্তক্ষেপ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরের পোড়াগ্রামে স্থানীয় মসজিদের ইমামের নেতৃত্বে সমাজ রক্ষা কমিটি গঠন করা হয়। কমিটির পক্ষ থেকে গ্রামজুড়ে গান-বাজনা ও বাদ্যযন্ত্র ব্যবহারের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে বাইরের ফেরিওয়ালাদের মাইক ব্যবহার করে পণ্য বিক্রিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গ্রামের বিভিন্ন স্থানে গান-বাজনা নিষিদ্ধ উল্লেখ করে ব্যানার টানানো হয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেসব ব্যানার সরিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, তাদের এলাকায় প্রায় ৪০টি পরিবার বসবাস করে এবং সবাই ইসলাম ধর্মের অনুসারী। বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে মাঝে মাঝে গান-বাজনা হওয়ায় গ্রামের বাসিন্দারা সম্মিলিতভাবে তা বন্ধ করার উদ্যোগ নেন। সিদ্ধান্ত অনুযায়ী কোনো বাড়িতে গান-বাজনা হলে সেখানে ইমাম বিয়ে পড়াতে যাবেন না।
আরেক বাসিন্দা শফিকুল ইসলাম জানান, গ্রামের বিভিন্ন মোড়ে গান-বাজনা নিষিদ্ধ উল্লেখ করে ব্যানার লাগানো হয়েছিল। পাশাপাশি গ্রামে কোনো হকার মাইক ব্যবহার করে পণ্য বিক্রি করতে পারছিলেন না এবং মসজিদের মাইকে মৃত্যুসংবাদ প্রচার না করার কথাও বলা হয়েছিল। পরে পুলিশ এসে ব্যানারগুলো খুলে নেয়।
পোড়াগ্রাম মসজিদের ইমাম আব্দুল মালেক বিন খলিরুর রহমান জানান, সমাজের মানুষকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সমাজ সংস্কারের অংশ হিসেবে গ্রামে গান-বাজনা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, দেশে গান-বাজনা বন্ধ করার কোনো আইনি নিষেধাজ্ঞা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








