ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগের অফিস কক্ষে সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিন অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া তিনজন হচ্ছেন- সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।
এতে বলা হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে আপনার নাম উল্লেখ থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫ (বি) ধারা অনুযায়ী আপনাকে গত ০৫-০৩-২০২৬ তারিখ থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। উল্লেখ্য, বরখাস্তকালীন আপনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবনধারন ভাতা প্রাপ্ত হবেন।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে হত্যার পর বৃহস্পতিবার সকালে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মচারী ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অপর তিন আসামি হচ্ছেন- সাবেক কর্মচারী উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। ইতোমধ্যেই আইসিইউতে চিকিৎসাধীন থাকা প্রধান আসামি ফজলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:








