বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

নাটোরে মাটির নিচে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ১৮:৫০

শেয়ার

নাটোরে মাটির নিচে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা
ছবি সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

অভিযুক্ত ব্যবসায়ী মো. রুবেল (৩৪) ভাটোপাড়া মহল্লার বাসিন্দা মো. বেল্লাল হোসেনের ছেলে। তিনি সিংড়া থানা মোড় এলাকার জ্বালানি তেলের দোকান সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে মাটির নিচে থাকা পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত রুবেলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এবং জনভোগান্তি প্রতিরোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



banner close
banner close