শনিবার

২ মে, ২০২৬ ১৯ বৈশাখ, ১৪৩৩

ইফতারে স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান, একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ১২:৪০

শেয়ার

ইফতারে স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান, একই পরিবারের ৩ জন হাসপাতালে
ছবি সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলায় ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থরা হলেন চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা মো. আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।

পরিবারের সদস্য মর্জিনা বেগম জানান, আলু ক্ষেতে ব্যবহারের জন্য আনা কীটনাশক ঘরে রাখা ছিল। ইফতারের সময় তার ছোট মেয়ে ভুলবশত খাবার স্যালাইনের সঙ্গে কীটনাশক মিশিয়ে পানিতে গুলে ফেলেন। পরে সেই পানি পরিবারের সদস্যরা পান করলে তারা অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা আলামিন ইসলাম বলেন, ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে ব্যবহারের জন্য আনা কীটনাশক খাবার স্যালাইন মনে করে পানিতে গুলে পরিবারের সদস্যদের পান করতে দেন। কিছুক্ষণ পর মর্জিনা বেগমসহ তিনজন অসুস্থ হয়ে পড়েন। মর্জিনার স্বামী ঢাকায় থাকায় প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।

আরেক প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, স্যালাইন ও কীটনাশক একসঙ্গে রাখার কারণে ভুলবশত তা পানিতে গুলে ফেলা হয়। পান করার পর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা এসে তাদের হাসপাতালে পৌঁছে দেন।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনজন রোগী হাসপাতালে আসেন। তাদের ভাষ্য অনুযায়ী, স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন এবং পরবর্তী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।



banner close
banner close