ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘বদর দিবসের গুরুত্ব ও শিক্ষণীয় দিক’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ বলেন, "বদরের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না; বরং এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা। মাত্র ৩১৩ জন সাহাবি যেভাবে বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়ী হয়েছিলেন, সেই আদর্শকে পাথেয় করে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।"
শহর শিবিরের সভাপতি মেহেদি হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুন নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, "বদর যুদ্ধের ইতিহাস আমাদের শেখায় কীভাবে ঈমানি শক্তি ও একতা যেকোনো কঠিন পরিস্থিতিকে জয় করতে পারে।"
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. রুহুল আমিন। তিনি সামাজিক ন্যায়বিচার ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে বদরের সাহাবিদের মতো সাহসী ও আত্মনিবেদিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ও হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সেমিনার শেষে বদরের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আরও পড়ুন:








